রাজধানীসহ সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে এবং ১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। এই হিসাব গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে গত ৭২ দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৫ জনে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৪৬৭ জন এবং হাম শনাক্ত হওয়া ৮৮ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মৃত ১০ শিশুর মধ্যে সবচেয়ে বেশি ৫ জনই ঢাকা বিভাগের। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ২ জন এবং রাজশাহী, সিলেট ও বরিশাল বিভাগে ১ জন করে শিশুর মৃত্যু হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৮৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪৫ শিশু। আক্রান্তদের মধ্যে ৩৬৬ জন শিশুই ঢাকা বিভাগের। এর বাইরে চট্টগ্রাম বিভাগে ১৯৩ জন, বরিশাল বিভাগে ৫৭ জন এবং রাজশাহী বিভাগে ৭৩ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পেয়েছে ১ হাজার ১৮১ জন।
সরকারি হিসাব মতে, গত ৭২ দিনে দেশে মোট ৬৬ হাজার ২৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৫২ হাজার ৫৩০ জন এবং মোট হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৭৭২ জনের। এ ছাড়া এই সময়ের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৮ হাজার ৮০০ জন।
জেএইচআর