দেশজুড়ে হামের প্রাদুর্ভাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা পাওয়া যায়নি। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে গত ৮৭ দিনে হাম ও এর উপসর্গে মোট ৬৩৯ শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৫৪৭ জন এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯২ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ শিশুর মধ্যে ঢাকায় ৬ জন, সিলেটে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছে।
এদিকে গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৯৪৫ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৮২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় ৯৪ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ৮৭ দিনে দেশে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮২ হাজার ২৯ জনে পৌঁছেছে। এর মধ্যে ৬৬ হাজার ৯৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯২৭ জন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৮৫৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন। সব মিলিয়ে এখন পর্যন্ত ৬৩ হাজার ১৪৫ জন রোগী সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে ফিরেছেন।
এম জি