সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ জন।
রোববার (৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হাম-বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬৪৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। ফলে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৮ জনে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১০৬ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৯২৫ জন। সব মিলিয়ে এ সময়ে নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩১।
এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৮৭৮ শিশু। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৯০৪ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫ হাজার ৬১৮। এর মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১২ হাজার ৬৩২ জন। একই সময়ে মোট ৮৮ হাজার ৮৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৮৫ হাজার ১২২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
এম জি