দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৩৭ শিশুর শরীরে হাম ও এ রোগের উপসর্গ শনাক্ত হয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭১৫ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ছিল ৯৫০ জন। আর ১৫ মার্চ থেকে ২৪ জুলাই পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ১৫০ জনে।
এদিকে, গত একদিনে নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ১৮৭ জন। এর ফলে ১৫ মার্চ থেকে ২৪ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ১৫ হাজার ১৯৪ জন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে ২৪ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪ হাজার ৭১৭ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬ জন।
এম জি