দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৩

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ১১:৪৮ পিএম

ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে সোমবার সন্ধ্যায় একটি যাত্রীবাহী গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যার ফলে কমপক্ষে ১৩ জন নিহত এবং আরও ২৪ জন গুরুতর আহত হয়েছেন।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, লাল কেল্লার পাশের এই বিস্ফোরণ ছিল অত্যন্ত শক্তিশালী। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি হুন্দাই আই২০ গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আশপাশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তায় ছড়িয়ে পড়েছে ছিন্ন-ভিন্ন মরদেহ। কয়েকটি গাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

দিল্লি পুলিশের কমিশনার সতীশ গোলচা সাংবাদিকদের জানিয়েছেন, লাল কেল্লা ট্রাফিক সিগন্যালের কাছে ধীরে চলা গাড়িটিতে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের গাড়ি ও যাত্রীদেরও ক্ষতি হয়। বিস্ফোরণে মোট ২২টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের পর মহারাষ্ট্রের মুম্বাই, জয়পুর, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডসহ বেশ কয়েকটি রাজ্যে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

দিল্লির উপপ্রধান অগ্নিনির্বাপক কর্মকর্তা একে মালিক জানিয়েছেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। বিস্ফোরণের পর লাল কেল্লা ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

লাল কেল্লা মুঘল আমলে নির্মিত একটি ঐতিহাসিক দুর্গ, যা পুরোনো দিল্লির ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। এটি দেশের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম, যেখানে বছরের প্রতিটি সময় পর্যটকরা ঘুরতে আসে।

একই দিনে রাজধানী দিল্লি থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদে দেশীয় নিরাপত্তা বাহিনী ২,৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করেছে। এই বিস্ফোরণ ঘটেছে ভারতের বিহার রাজ্যের দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগের দিন।

ইএইচ