সৌদি আরবের বিরুদ্ধে সর্বাত্মক নৌ-অবরোধের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৯:২০ পিএম

সৌদি আরবের বিরুদ্ধে সর্বাত্মক নৌ-অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের ইরানসমর্থিত হুতি গোষ্ঠী। সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র এ ঘোষণা দেন। ঘোষণার সঙ্গে সঙ্গেই অবরোধ কার্যকর হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। খবর রয়টার্স।

হুতিদের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘অপরাধী সৌদি আরবের বিরুদ্ধে চোখের বদলে চোখ নীতির ভিত্তিতে এই মুহূর্ত থেকে নৌ-অবরোধ ঘোষণা করা হলো।’ একইসঙ্গে তারা জানায়, বিবৃতি প্রকাশের পর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

বিবৃতিতে হুতিরা অভিযোগ করে, প্রায় ১২ বছর ধরে ইয়েমেনের জনগণের ওপর অন্যায় ও নিপীড়নমূলক অবরোধ, দেশের সম্পদ লুণ্ঠন এবং জল, স্থল ও আকাশপথে বন্দর ও বিমানবন্দরগুলোর ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে সৌদি আরব। সেই পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবেই নৌ-অবরোধ ঘোষণা করা হয়েছে বলে দাবি সংগঠনটির।

এর আগে হুতিদের নিয়ন্ত্রণাধীন সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব হামলা চালিয়েছে বলে অভিযোগ তোলে গোষ্ঠীটি। সেই অভিযোগের জেরে গত সপ্তাহে সৌদি আরবের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুতিরা। এর মধ্য দিয়ে দীর্ঘ প্রায় চার বছর ধরে চলা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতিরও অবসান ঘটে।

উল্লেখ্য, ২০২২ সালের মার্চে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে হুতিদের হামলার পর দুই পক্ষের মধ্যে একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এরপর চার বছরের বেশি সময় সৌদি আরবের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালায়নি হুতিরা। তবে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা এবং নতুন নৌ-অবরোধ ঘোষণার মধ্য দিয়ে দুই পক্ষের উত্তেজনা আবারও নতুন মাত্রা পেল।

এএন