ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনে সাম্প্রতিক ‘নিরাপত্তা হুমকি’ এবং বাংলাদেশের কয়েকজন রাজনৈতিক নেতার ভারতবিরোধী বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাতে নয়া দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত। বুধবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহর একটি বক্তব্যকে কেন্দ্র করে এই তলব করা হয়েছে। এনডিটিভির দাবি অনুযায়ী, হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে এমন শক্তিকে আশ্রয় দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যারা দিল্লির বিরুদ্ধে কাজ করতে পারে এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্য বা ‘সেভেন সিস্টারস’কে বিচ্ছিন্ন করার চেষ্টা চালাতে পারে।
এনডিটিভি আরও জানায়, বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক সভায় হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন যে, সেভেন সিস্টারসকে ভারত থেকে আলাদা করা হবে। তার এই উসকানিমূলক বক্তব্যের বিষয়েই ভারত সরকার আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছে।
এই বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তারা আশা করে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রশাসন অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং একটি শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সব কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
জেএইচআর