বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করবে না ভারত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৮:৩২ পিএম

বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল ও পরিবর্তনশীল পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। তবে প্রতিবেশী এই দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় নয়াদিল্লি কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে স্পষ্ট জানিয়েছে ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। 

শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মুখপাত্র এক বিবৃতিতে জানান, ভারত ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা একমত যে বর্তমান পরিস্থিতি অত্যন্ত ‘পরিবর্তনশীল ও জটিল’। 

বিবৃতিতে উল্লেখ করা হয়, “বাংলাদেশের বর্তমান অবস্থা বোঝার জন্য একটি পুঙ্খানুপুঙ্খ এবং নিরপেক্ষ বিশ্লেষণ প্রয়োজন। কোনো দেশের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনার সৃষ্টি হয়, যা সম্প্রতি তরুণ নেতা শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আরও স্পষ্ট হয়েছে।”

ভারত সরকারের অবস্থান পরিষ্কার করে বলা হয়, নয়াদিল্লি বাংলাদেশের চলমান প্রতিটি ঘটনাপ্রবাহের প্রতি সতর্ক নজর রাখছে। তবে সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি কোনো হস্তক্ষেপ করবে না। মূলত ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষাপটেই ভারতের এই অবস্থান সামনে এল।

উল্লেখ্য, বাংলাদেশের বিক্ষোভকারীদের একটি বড় অংশ দীর্ঘ দিন ধরে নয়াদিল্লির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আসছে। বিশেষ করে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ভারতীয় যোগসূত্রের অভিযোগ তুলে শাহবাগে বিক্ষোভকারীরা স্লোগান দিয়েছিলেন। 

এছাড়া ক্ষমতাচ্যুত সরকারের সদস্যদের আশ্রয়ের বিষয়েও জনমনে অসন্তোষ রয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভারতের পক্ষ থেকে রাজনৈতিক হস্তক্ষেপ না করার এই আশ্বাস দেওয়া হলো। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও জনআকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়েই ভারত এমন সাবধানী অবস্থান গ্রহণ করেছে।

ইএইচ