যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত থামবে কবে, জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ১১:১৭ এএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত তখনই শেষ করা হবে, যখন যুদ্ধক্ষেত্রে ইরান নিজেদের জন্য অনুকূল ও শক্তিশালী অবস্থান নিশ্চিত করতে পারবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

রোববার (১৯ জুলাই) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অবস্থানের কথা জানান। আরাগচির ভাষ্য, কোনো সংঘাত মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক সময়ে যুদ্ধ থামিয়ে আলোচনায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়া।

তিনি বলেন, একটি সংঘাতের সমাপ্তি সাধারণত দুটি পথেই আসে-পূর্ণাঙ্গ সামরিক বিজয় অথবা দ্বিপক্ষীয় আলোচনা। তবে আলোচনার টেবিলে বসার উপযুক্ত সময় তখনই আসে, যখন সামরিকভাবে একটি নির্ভরযোগ্য ও কৌশলগত সাফল্য অর্জিত হয়।

আরাগচি আরও বলেন, দেশের জনগণের জীবন ও রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেওয়া যায় না। তাই প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত সতর্কতা ও সুনির্দিষ্ট হিসাব-নিকাশের ভিত্তিতে নিতে হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মতে, সংঘাত অব্যাহত রাখলে অর্জন বেশি হবে নাকি জাতীয় ক্ষতি ও মানবসম্পদের মূল্য আরও বাড়বে-এ হিসাব সবসময়ই রাজনৈতিক নেতৃত্বকে বিবেচনায় রাখতে হয়। তার দাবি, কিছু ক্ষয়ক্ষতি হলেও এই সংঘাতের মাধ্যমে ইরান আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের একটি শক্তিশালী পক্ষ হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছে এবং দেশের সামরিক সক্ষমতাও বিশ্বমঞ্চে প্রদর্শন করতে পেরেছে।

সূত্র: আল জাজিরা

এম জি