যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নীতিমালার কারণে যুক্তরাষ্ট্রে কর্মরত হাজার হাজার ভারতীয় কর্মীর কর্মক্ষেত্রে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। চলতি মাসে ছুটিতে দেশে ফেরা প্রবাসীরা এখন ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি সংক্রান্ত জটিলতায় ভারতে আটকা পড়েছেন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ১৫ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে যাদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের হাজার হাজার সাক্ষাৎকার আচমকা বাতিল করে দেওয়া হয়েছে।
এইচ-১বি (H-1B) ভিসার গ্রাহকরা সাধারণত বড়দিনের ছুটির এই সময়টিতেই পারমিট নবায়নের জন্য নিজ দেশে ফেরেন। মার্কিন পররাষ্ট্র দফতর আবেদনকারীদের ইমেইলের মাধ্যমে জানিয়েছে, সমাজমাধ্যম সংক্রান্ত একটি নতুন নিয়ম চালুর কারণে এই বিলম্ব হচ্ছে।
মূলত কোনো আবেদনকারী যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য বিপজ্জনক কি না, তা যাচাই করতেই ট্রাম্প প্রশাসন এই কড়াকড়ি আরোপ করেছে।
উল্লেখ্য, এইচ-১বি একটি অ-অভিবাসী ভিসা, যার মাধ্যমে বিশ্বের দক্ষ কর্মীরা সর্বোচ্চ ছয় বছর যুক্তরাষ্ট্রে কাজ করার সুযোগ পান।
সম্প্রতি ট্রাম্প প্রশাসন বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে মার্কিন সংস্থাগুলোর ওপর ১ লক্ষ ডলারের (প্রায় ১ কোটি ২৪ লাখ টাকা) অতিরিক্ত ফি ধার্য করেছে। ট্রাম্পের দাবি, বিদেশি কর্মীদের কারণে মার্কিন নাগরিকরা বেকারত্বের শিকার হচ্ছেন।
তবে ট্রাম্পের এই কঠোর অবস্থানের বিরোধিতা করছে অনেক মার্কিন বাণিজ্যিক প্রতিষ্ঠান। তাদের মতে, বিদেশি কর্মীদের মেধা ও দক্ষতাকে অবহেলা করলে দীর্ঘমেয়াদে আমেরিকার অর্থনীতিই ক্ষতিগ্রস্ত হবে। বর্তমানে নতুন অ্যাপয়েন্টমেন্টের তারিখ দেওয়া হচ্ছে কয়েক মাস পরে, যা প্রবাসী ভারতীয়দের মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি করেছে।
ইএইচ