খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ১০:০৬ এএম

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। 

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।

ইসহাক দার তার বার্তায় উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণে তিনি গভীরভাবে শোকাহত। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করা হয়। একই সাথে শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি (সবরে জামিল) দানের জন্য দোয়া করেন তিনি।

উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ ৩৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ মঙ্গলবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী। গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ ও তীব্র শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

ইসহাক দার গত ২৪ আগস্ট বাংলাদেশ সফরে এসে গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় তাঁর সাথে সাক্ষাৎ করেছিলেন এবং তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছিলেন। সেই স্মৃতির কথা স্মরণ করে পাকিস্তানের এই শীর্ষ নেতা বাংলাদেশের জনপ্রিয় এই নেত্রীর মৃত্যুতে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করলেন।

ইএইচ