পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে এক ভয়াবহ বোমা বিস্ফোরণে জমিয়তে উলামায়ে ইসলাম (ফজলুর রহমান)-এর সিনিয়র নেতা মাওলানা সুলতান মোহাম্মদ নিহত হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় পুলিশ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডন-এর প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার (০৯ জানুয়ারি) লোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তানের কানড়া চেনা এলাকায় একটি মাদ্রাসার পাশে আগে থেকে পেতে রাখা একটি রিমোট কন্ট্রোল বোমা বিস্ফোরিত হয়।
বিস্ফোরণের সময় মাওলানা সুলতান তার শিশুকন্যাসহ ওই এলাকা অতিক্রম করছিলেন। এই হামলায় তিনি নিজে এবং তার কন্যা গুরুতর আহত হন।
মাওলানা সুলতান মোহাম্মদ জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র নেতা হওয়ার পাশাপাশি কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড 'ওয়াফাকুল মাদারিস আল-আরাবিয়া'-এর জেলা সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। বিস্ফোরণের পর তাকে দ্রুত ডেরা ইসমাইল খানে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছিল, কিন্তু পথেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
লোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তানের জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) মোহাম্মদ তাহির শাহ ওজির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এই বর্বরোচিত হামলার তদন্ত শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং অপরাধীদের শনাক্ত করতে অভিযান চালাচ্ছে।
এদিকে জমিয়তে উলামায়ে ইসলাম (ফ)-এর প্রধান মাওলানা ফজলুর রহমান এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় সুলতান মোহাম্মদকে একজন সাহসী ও নিষ্ঠাবান নেতা হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এ ধরনের হামলা কেবল এক ব্যক্তির ওপর নয়, বরং শান্তি ও সহনশীলতার আদর্শের ওপর আঘাত।
উল্লেখ্য, গত দুই বছরে দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা ও বারমাল তহসিলে ধর্মীয় আলেম ও রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে এটি সর্বশেষ হামলার ঘটনা। এই ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি ও শোকের ছায়া বিরাজ করছে।
ইএইচ