ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সহিংসতা বাড়লেও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৩:৫৭ পিএম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত

ইরানজুড়ে সাম্প্রতিক বিক্ষোভ ও অস্থিরতার মাধ্যমে সহিংসতা বাড়লেও দেশের পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার তেহরানে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

বৈঠকে আরাগচি জানান, গত সপ্তাহান্তে বিক্ষোভকে ঘিরে সহিংসতার মাত্রা কিছুটা বেড়ে গেলেও বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর কার্যকর ভূমিকার ফলে দেশজুড়ে স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।

একই সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, চলমান বিক্ষোভকে পরিকল্পিতভাবে সহিংস ও রক্তাক্ত করে তোলার চেষ্টা করা হয়েছে। তাঁর দাবি, এই পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে যাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হস্তক্ষেপের জন্য একটি অজুহাত খুঁজে পান। 

আব্বাস আরাগচি বলেন, ইরান যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। তিনি উল্লেখ করেন, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত থাকলেও সংলাপের পথ বন্ধ করিনি।

পাশাপাশি তিনি জানান, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সারা দেশে ধাপে ধাপে ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে বিদেশি দূতাবাস ও গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলোতে দ্রুত সংযোগ ফিরিয়ে দেওয়ার কাজ চলছে।

এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নাম উল্লেখ না করে ডোনাল্ড ট্রাম্পকে ইতিহাসের ‘অহংকারী স্বৈরশাসকদের’ সঙ্গে তুলনা করেন। 

তিনি লেখেন, দম্ভ ও অহংকারের শীর্ষে থাকা ফেরাউন, নমরুদ কিংবা রেজা শাহের মতো শাসকদের পতন ইতিহাসে অনিবার্য ছিল, আর একই পরিণতি অপেক্ষা করছে বর্তমান অহংকারী নেতৃত্বের জন্যও। 

এএন