ট্রাম্প

ইরানে হামলা করে ‘বিশ্বের উপকার করেছে’ যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ১১:৩৪ পিএম

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানকে পুরো বিশ্বের জন্য একটি ‘উপকার’ এবং ‘সেবামূলক কাজ’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন অভিযানের বর্তমান অবস্থাকে তিনি অসাধারণ এক সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই অভিযানের অগ্রগতি ১০-এর স্কেলে ১৫ নম্বর পাওয়ার যোগ্য। তিনি বলেন, "ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং আমরা পুরো বিশ্বের জন্যই এক বিশাল সেবা দিচ্ছি।"

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, "এরা ছিল অসুস্থ মানুষ, খুবই অসুস্থ মানুষ।"

ইরানি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ৩৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। গত এক সপ্তাহ ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাতের ফলে পুরো মধ্যপ্রাচ্যে এখন চরম অস্থিরতা বিরাজ করছে।

জেএইচআর