তুরস্ককে কোনো আঞ্চলিক সংঘাত বা যুদ্ধে টেনে নেওয়া সম্ভব হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।
তিনি জানান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা বিরাজ করছে, তা থেকে আঙ্কারা নিজেকে দূরে রাখার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এরদোগান এই অবস্থান ব্যক্ত করেন। তিনি জানান, তুরস্কের আকাশসীমার দিকে ধেয়ে আসা ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৃতীয়বারের মতো প্রতিহত করেছে তুর্কি প্রতিরক্ষা বাহিনী। দেশের সার্বভৌমত্ব ও আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে আঙ্কারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রেসিডেন্ট এরদোগান বলেন, পুরো আঞ্চলিক পরিস্থিতির ওপর আমরা কড়া নজর রাখছি। আমাদের আকাশসীমার বিরুদ্ধে যেকোনো ধরনের হুমকির বিষয়ে আমরা প্রতিরোধমূলক সব পদক্ষেপ গ্রহণ করছি যেমনটি আমরা গত রাতেও সফলভাবে সম্পন্ন করেছি।
তিনি আরও জোর দিয়ে বলেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হলো তুরস্ককে এই বিস্তৃত আঞ্চলিক আগুনের বিস্তার থেকে নিরাপদ দূরত্বে রাখা। তিনি বলেন, আমাদের প্রধান অগ্রাধিকার হলো আমাদের দেশকে এই আগুনের গর্ত থেকে দূরে রাখা।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অস্থিরতা নতুন করে অস্থিতিশীলতা তৈরি করেছে। এমন সংকটময় পরিস্থিতিতে তুরস্কের এই সতর্ক ও নিরপেক্ষ অবস্থান আঞ্চলিক কূটনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
জেএইচআর