সবার আগে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ১১:৫৭ এএম

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বজুড়ে রমজান মাস চলাকালেই সবার আগে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটির শীর্ষ ইসলামি সংগঠন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল জানিয়েছে, আগামী শুক্রবার অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতর উদযাপিত হবে। দিনটি হবে ১৪৪৭ হিজরি সালের ১ শাওয়াল।

অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিলের এক বিবৃতিতে জানানো হয়, জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র এবং চাঁদ দেখার দায়িত্বে থাকা বিশেষায়িত বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলোর তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, চাঁদ দেখার ক্ষেত্রে কেবল স্থানীয় পর্যবেক্ষণ নয়, বরং বৈশ্বিক এবং প্রতিবেশী দেশগুলোর তথ্যও বিবেচনায় নেওয়া হয়েছে। বৈজ্ঞানিক মানদণ্ড অনুযায়ী সূর্যাস্তের আগে নতুন চাঁদের আবির্ভাব এবং সূর্যাস্তের পর আকাশে চাঁদের স্থায়িত্ব পর্যবেক্ষণ করে এই ঘোষণা দেওয়া হয়েছে।

ঘোষণা অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ) হবে অস্ট্রেলিয়ায় রমজান মাসের শেষ দিন। এর পরদিন অর্থাৎ ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিনে দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ও ফতোয়া কাউন্সিল চাঁদ দেখার ক্ষেত্রে যে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে, তা বিশ্বের অনেক স্বনামধন্য ইসলামি গবেষণা প্রতিষ্ঠানও সমর্থন করে। এই আগাম ঘোষণার ফলে দেশটির মুসলিম সম্প্রদায় আগেভাগেই ঈদের প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছেন।

জেএইচআর