হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে কলকাতা থেকে পাঠানো হলো দিল্লিতে

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০৮:২২ পিএম

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনকে অধিকতর তদন্তের স্বার্থে কলকাতা থেকে দিল্লিতে নেওয়া হয়েছে। ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-এর আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার তাদের দিল্লির সদর দপ্তরে স্থানান্তর করা হয়।

এর আগে গত ২২ মার্চ অভিযুক্তদের উত্তর চব্বিশ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে আদালত তাদের ১২ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছিল। প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা করা হলেও পরবর্তীতে এনআইএ-এর পক্ষ থেকে ‘আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট’ বা ইউএপিএ আইনের ১৬ ও ১৮ ধারায় নতুন মামলা করা হয়।

এনআইএ আদালতকে জানায়, তদন্তের স্বার্থে অভিযুক্তদের কারাগারে গিয়ে জেরা করা এবং দিল্লিতে তাদের প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া প্রয়োজন। আদালত সেই আবেদনে সম্মতি প্রদান করলে মঙ্গলবারই তাদের নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হয় তদন্তকারী দল।

উল্লেখ্য, অভিযুক্ত দুজনকে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেফতার করেছিল পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। ৩৭ বছর বয়সী ফয়সাল করিম মাসুদের বাড়ি পটুয়াখালী এবং ৩৪ বছর বয়সী আলমগীর হোসেনের বাড়ি ঢাকায়।

এসটিএফ-এর তথ্য অনুযায়ী, তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে বনগাঁয় আত্মগোপন করেছিলেন এবং পুনরায় বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ছিলেন।

জেএইচআর