ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০২:৪৯ পিএম

ভারতের নুমালীগড় থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল এসে পৌঁছেছে। এর মাধ্যমে মার্চ মাসে ভারত থেকে মোট ২২ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হলো।

মঙ্গলবার সকাল ৯টায় এই চালানটি পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোর ডেপুটি ম্যানেজার আহসান হাবিব চৌধুরী।

তিনি বলেন, গত ২৮ মার্চ শনিবার থেকে পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল আসা শুরু হয়। ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে প্রায় ১৪৬ ঘণ্টা সময় নিয়ে এই চালানটি মঙ্গলবার সকালে পার্বতীপুর ডিপোতে আসে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ভারত থেকে নিয়মিত ডিজেল আমদানি অব্যাহত রেখেছে।

এর আগে গত ১১ মার্চ প্রথম দফায় ৫ হাজার টন ডিজেল আসে। পরবর্তীতে আরও দুই দফায় ১০ হাজার টন ডিজেল দেশে পৌঁছায়। সব মিলিয়ে মার্চ মাসে চার ধাপে মোট ২২ হাজার টন ডিজেল আমদানি করা হয়েছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এপ্রিল মাসে আরও ৪০ হাজার টন ডিজেল আমদানির প্রস্তাব পাঠানো হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, এপ্রিল মাসে প্রতি সপ্তাহে ১০ হাজার টন করে ডিজেল পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুর টার্মিনালে পৌঁছানোর কথা রয়েছে। দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে এবং মজুদ পরিস্থিতি শক্তিশালী করতে এই আমদানির প্রক্রিয়া চলমান থাকবে বলে জ্বালানি বিভাগ জানিয়েছে।

জেএইচআর