তেহরানে রেড অ্যালার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৫:৪৭ পিএম

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বড় ধরনের সামরিক হামলার আশঙ্কায় ইরানের রাজধানী তেহরানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ইরানি কর্তৃপক্ষ এই সতর্কতা জারি করে তেহরানের বিভিন্ন এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশনা দেয়।

উদ্ভূত পরিস্থিতিতে বিশেষ করে দেশটির গুরুত্বপূর্ণ সেতু, বিদ্যুৎকেন্দ্র ও কৌশলগত অবকাঠামোগুলো লক্ষ্যবস্তু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংঘাতের মূলে রয়েছে পারস্য উপসাগরের কৌশলগত জলপথ হরমুজ প্রণালি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রাত ৮টার মধ্যে (গ্রিনিচ মান সময় বুধবার রাত ১২টা) এই প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানকে সময় বেঁধে দিয়েছেন। তবে ইরানের পক্ষ থেকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, তারা কোনোভাবেই শত্রুপক্ষের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত করবে না।

এদিকে চলমান উত্তেজনা নিরসনে কেবল সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়েছে তেহরান। ইরান সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, তারা আংশিক কোনো সমাধান চায় না; বরং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একটি ‘সমন্বিত ও স্থায়ী শান্তিচুক্তি’র পক্ষে তাদের অবস্থান।

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, আল্টিমেটামের সময়সীমা পেরিয়ে গেলে এই অঞ্চলে বড় ধরনের সংঘাত শুরু হতে পারে। তেহরানে রেড অ্যালার্ট জারির পর থেকে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সজাগ রেখেছে।

জেএইচআর