ফের বাড়ল স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৭:৫১ পিএম

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। 

মঙ্গলবার মূলত ‘ডিপ বায়িং’ বা দাম কম থাকার সুযোগে বিনিয়োগকারীদের নতুন করে কেনার প্রবণতায় মূল্যবান এই ধাতুর বাজার ঊর্ধ্বমুখী হয়েছে। তবে ডলারের শক্তিশালী অবস্থান এবং তেলের উচ্চমূল্যের কারণে স্বর্ণের দামের এই বৃদ্ধি কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। খবর রয়টার্সের

প্রতিবেদনে বলা হয়, স্পট স্বর্ণের দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৬৫৫.৮৯ ডলারে দাঁড়িয়েছে। দিনের শুরুতে দাম প্রায় ১ শতাংশ পর্যন্ত বাড়লেও পরে কিছুটা কমে আসে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ০.১ শতাংশ কমে ৪,৬৮০.৫০ ডলারে নেমেছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান সংঘাতের অনিশ্চয়তা বিনিয়োগকারীদের নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে টানছে। তবে একই সঙ্গে ডলারের শক্তিশালী অবস্থান এবং তেলের উচ্চ মূল্য স্বর্ণের দামের ওপর চাপ তৈরি করছে।

সব মিলিয়ে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকেই এখন বিনিয়োগকারীদের নজর, যা স্বর্ণবাজারের পরবর্তী গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এম জি