দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া-এর লম্বক প্রণালীর কাছে সমুদ্র থেকে একটি আন্ডারওয়াটার ড্রোন উদ্ধার হওয়ায় নতুন করে আলোচনায় এসেছে অঞ্চলটির সামরিক গুরুত্ব। স্থানীয় জেলেদের জালে ধরা পড়া ডিভাইসটি এশিয়ার পরাশক্তি চীন-এর বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার লম্বক প্রণালীর কাছাকাছি এলাকায় মাছ ধরার সময় জেলেরা সমুদ্রের গভীরে টর্পেডোর মতো একটি অদ্ভুত বস্তু দেখতে পান। সন্দেহ হওয়ায় সেটিকে উপকূলে নিয়ে এসে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়।
প্রায় ৩ দশমিক ৭ মিটার লম্বা এবং ০ দশমিক ৭ মিটার ব্যাসের সিলিন্ডার আকৃতির এই ড্রোনটি পরীক্ষা করে পুলিশ জানায়, এতে কোনো বিস্ফোরক বা তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি সমুদ্র পর্যবেক্ষণে ব্যবহৃত প্রযুক্তিগত ডিভাইস বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, বালি ও লম্বকের মধ্যবর্তী এই গভীর সমুদ্রপথটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের সংযোগস্থল হওয়ায় বড় যুদ্ধজাহাজ ও সাবমেরিন চলাচলের জন্য এটি ব্যবহৃত হয়। ফলে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া-সহ বিভিন্ন দেশের কাছে এ অঞ্চলটির সামরিক গুরুত্ব অনেক বেশি।
সংবেদনশীল এই জলপথে চীনা ড্রোনের উপস্থিতি নতুন করে নিরাপত্তা ও নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এএন