আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (আদনোক) প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আল জাবের ইরানকে কোনো শর্ত বা অজুহাত ছাড়াই হরমুজ প্রণালী খোলার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্কডইনে তিনি এক পোস্টে বলেন, “ইরান স্পষ্ট করে দিয়েছে যে এই প্রণালী এখন অনুমতি, শর্ত এবং রাজনৈতিক প্রভাবের বিষয় হয়ে গেছে। এটি নৌ-চলাচলের স্বাধীনতা নয়, এটি জবরদস্তি।”
আদনোক প্রধান আরও বলেন, “হরমুজ প্রণালী কোনো রাষ্ট্র বা প্রকৌশলীর নির্মাণ নয়; এটি একটি প্রাকৃতিক জলপথ, যা জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশন অনুযায়ী পরিচালিত হয়। এই আইন যাতায়াতের অধিকার নিশ্চিত করে; এটি কোনো বিশেষ সুবিধা নয় যা কাউকে দেওয়া বা আটকে রাখা হবে।”
তিনি জোর দিয়ে বলেন, “প্রণালীটি পূর্ণাঙ্গভাবে, নিঃশর্তভাবে এবং কোনো বিধিনিষেধ ছাড়াই খোলা থাকতে হবে। জ্বালানি নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা এই জলপথের ওপর নির্ভরশীল। এটি অস্ত্র হিসেবে ব্যবহার করা মেনে নেওয়া যায় না।”
একই সময়ে জানা গেছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী প্রতিটি তেলবাহী ট্যাঙ্কার থেকে ব্যারেল প্রতি এক ডলার করে শুল্ক আদায়ের অনানুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইরান।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালায় এবং এর জবাবে ইরানও উপসাগরীয় অঞ্চলে হামলা চালায়। মঙ্গলবার রাতে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতির ঘোষণা আসে।
সূত্র: আল-জাজিরা
এএন