ইস্টার উপলক্ষে ইউক্রেনে সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৭:১৯ পিএম

ধর্মীয় উৎসব অর্থোডক্স ইস্টার উপলক্ষে ইউক্রেন সীমান্তে ৩২ ঘণ্টার জন্য সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার মস্কো সময় বিকেল ৪টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকরের নির্দেশ দিয়েছেন। ইউক্রেনও এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে এবং ইস্টার চলাকালে হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোউসভ সেনাবাহিনী প্রধানকে এই সময়সীমার মধ্যে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তবে ক্রেমলিন সতর্ক করে বলেছে, ইউক্রেনের পক্ষ থেকে কোনো উস্কানি বা হামলা হলে রুশ বাহিনী তার দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত থাকবে। প্রেসিডেন্ট জেলেনস্কি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, মানুষ যাতে কোনো হুমকি ছাড়াই ইস্টার পালন করতে পারে, সেজন্য ইউক্রেন আগেই এ ধরনের প্রস্তাব দিয়েছিল।

যুদ্ধবিরতির এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন বৈশ্বিক রাজনীতির মনোযোগ মধ্যপ্রাচ্যের উত্তেজনার দিকে সরে গেছে। তবে এই সাময়িক বিরতি স্থায়ী শান্তির কোনো ইঙ্গিত কি না, তা নিয়ে সংশয় রয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, এই ইস্টার প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পূর্ব আলোচনা হয়নি এবং এটি দীর্ঘমেয়াদী শান্তি আলোচনার কোনো অংশ নয়।

এদিকে, যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রুশ হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় গভর্নরের দাবি, ড্রোন ও কামান হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন।

অন্যদিকে, মানবিক সহায়তার অংশ হিসেবে দুই দেশের মধ্যে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সম্প্রতি এক হাজার ইউক্রেনীয় সেনার দেহাবশেষের বিনিময়ে ৪১ জন রুশ সেনার মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই সাময়িক বিরতি সত্ত্বেও আগামী মাসগুলোতে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হতে পারে।

জেএইচআর