ইরানের ১০ দফা নিয়ে পাকিস্তানে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ১১:২২ পিএম

দীর্ঘ জল্পনা-কল্পনার পর আগামীকাল শনিবার পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হতে যাচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি জানিয়েছেন, এই আলোচনার প্রধান ভিত্তি হবে তেহরানের দেওয়া ১০ দফা পরিকল্পনা।

তেহরানে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে এক সভায় মাজিদ তাখত-রাভানচি বলেন, ইরান সব সময় সংলাপ ও কূটনীতিতে বিশ্বাসী। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, প্রতারণামূলক কোনো আলোচনা বা মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে হওয়া সংলাপ ইরান গ্রহণ করবে না।

তিনি স্পষ্ট জানান, এমন কোনো পরিস্থিতি মেনে নেওয়া হবে না যা ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক আগ্রাসনের পথ তৈরি করে।

যুদ্ধবিরতির বিষয়ে ইরানের অবস্থান পরিষ্কার করে উপমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট নিশ্চয়তা ছাড়া তাঁরা কোনো সাময়িক বিরতি চান না। কারণ, এমন বিরতি আগ্রাসী পক্ষকে পুনরায় শক্তি সঞ্চয়ের সুযোগ করে দেয়। 

উল্লেখ্য, ইরানের এই ১০ দফা পরিকল্পনা নিয়ে আগে থেকেই নিজেদের আপত্তির কথা জানিয়েছে ওয়াশিংটন। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

মাজিদ তাখত-রাভানচি তাঁর বক্তব্যে ইরানের ওপর হামলার নিন্দা জানানো দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি কিছু ইউরোপীয় দেশের সমালোচনা করে তিনি বলেন, ইসরায়েলের যুদ্ধংদেহী নীতি এই অঞ্চলের নিরাপত্তার জন্য বড় হুমকি।

বিশ্বের শক্তিধর দুই দেশের এই বৈঠক নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে এই আলোচনা কোনো কার্যকর ভূমিকা রাখতে পারে কি না, সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব। আগামীকালকের এই বৈঠকের ফলাফলের ওপরই নির্ভর করছে আগামী দিনের ভূ-রাজনীতি। তথ্যসূত্র: বিবিসি।

জেএইচআর