ওয়াল স্ট্রিট জার্নাল

ইরানে নতুন করে হামলার কথা ভাবছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৯:৪৯ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

পাকিস্তানে সাম্প্রতিক কূটনৈতিক আলোচনায় যুদ্ধ পরিস্থিতির কোনো স্থায়ী সমাধান না আসায় ইরানকে ঘিরে নতুন করে সামরিক পদক্ষেপের ভাবনায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের বরাতে এমন তথ্য প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য বিমান হামলার পাশাপাশি আরও কিছু কৌশলগত পদক্ষেপ নিয়েও ভাবছে ওয়াশিংটন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে হরমুজ প্রণালি-কে কেন্দ্র করে অবরোধ, যার ঘোষণা ইতোমধ্যে দিয়েছেন ট্রাম্প।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হোয়াইট হাউস বিবিসি-কে জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের বিকল্পই খোলা রাখা হয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, প্রেসিডেন্ট ইতোমধ্যেই হরমুজ প্রণালিতে নৌ-অবরোধের নির্দেশ দিয়েছেন, যার মাধ্যমে ইরানের ‘চাঁদাবাজি’ বন্ধ করার চেষ্টা চলছে। একই সঙ্গে তিনি পরিস্থিতি বিবেচনায় অন্যান্য সম্ভাব্য পদক্ষেপও পর্যালোচনা করছেন।

তবে ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে নির্দিষ্ট কিছু জানাতে চাননি তিনি। মুখপাত্রের ভাষ্য, প্রেসিডেন্ট পরবর্তী কী সিদ্ধান্ত নেবেন—এ বিষয়ে যেকোনো দাবি এই মুহূর্তে কেবল অনুমান হিসেবেই বিবেচিত হবে।

এএন