পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ লেবানন ও ইসরাইলের মধ্যে ঘোষিত ১০ দিনের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে এটিকে আঞ্চলিক শান্তির জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে এই যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শেহবাজ শরিফ বলেন, এই যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদি শান্তির পথ তৈরি করবে বলে পাকিস্তান আশা করে। তিনি লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পাকিস্তানের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সব ধরনের প্রচেষ্টার পাশে থাকার কথা জানান।
এর আগে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই শেষ হয়। সেই প্রেক্ষাপটে লেবানন ও ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হয় বলে জানা গেছে।
অন্যদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নিতে পাকিস্তান মধ্যস্থতার ভূমিকা পালন করছে। এই চুক্তির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে পাকিস্তানের সেনাপ্রধান সম্প্রতি তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
এদিকে, যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে ট্রাম্প জানান, তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর সঙ্গে আলোচনার পর উভয় পক্ষকে ১০ দিনের জন্য যুদ্ধবিরতিতে রাজি করাতে সক্ষম হয়েছেন। তাঁর ভাষায়, এই পদক্ষেপ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।
এম জি