৫.৫ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান। শনিবার দুপুরে দেশটির রাজধানী ইসলামাবাদসহ উত্তর-পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন এলাকায় এই কম্পন অনুভূত হয়। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের (পিএমডি) জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র এই তথ্য নিশ্চিত করেছে।
ভূকম্পন কেন্দ্রটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে এবং এর গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১৯৯ কিলোমিটার। ভূমিকম্পের ফলে রাজধানী ইসলামাবাদ ছাড়াও পেশোয়ার, রাওয়ালপিন্ডি এবং খাইবার পাখতুনখোয়ার বেশ কিছু জেলা কেঁপে ওঠে।
বিশেষ করে সোয়াত, হাঙ্গু, উত্তর ওয়াজিরিস্তান ও চিত্রাল অঞ্চলের বাসিন্দারা তীব্র কম্পন অনুভব করেন। তবে ভূমিকম্পের গভীরতা বেশি হওয়ায় এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ভৌগোলিক অবস্থানের কারণে পাকিস্তান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ অঞ্চল। ইন্ডিয়ান ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের ফলে দেশটিতে প্রায়ই ভূ-কম্পন অনুভূত হয়।
উল্লেখ্য, চলতি এপ্রিল মাসেই ইসলামাবাদসহ পাঞ্জাব ও গিলগিট-বালতিস্তান এলাকায় ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। এছাড়া গত ফেব্রুয়ারি মাসেও দেশটিতে ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
বারবার এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের ফলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলের ঘরবাড়ি ও অবকাঠামোর নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে। কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
জেএইচআর