ভারত-শাসিত কাশ্মীরের উধমপুর জেলায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও অন্তত ৪৫ জন।
সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে কানোত গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামনগর থেকে উধমপুরগামী ৪২ আসনের একটি বাসে দুর্ঘটনার সময় ৬০ জনেরও বেশি যাত্রী ছিলেন। পাহাড়ি সড়কের একটি ঝুঁকিপূর্ণ বাঁক ঘোরার সময় বাসটি একটি অটোরিকশাকে ধাক্কা দিলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি প্রায় ৩০ মিটার নিচে পাথুরে খাদে গড়িয়ে পড়ে।
কাশ্মীরের স্থানীয় সিভিল প্রশাসনের কর্মকর্তা প্রেম সিং জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তিনি বলেন, ঘটনাস্থলেই ১৯ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন প্রাণ হারান।
দুর্ঘটনায় আহতদের দ্রুত আশপাশের স্বাস্থ্যকেন্দ্র এবং রামনগর সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, নিহতদের বেশিরভাগই মাথায় গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে মারা গেছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এম জি