জাপানে আবারও ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৫:২৭ পিএম

জাপানের উত্তরাঞ্চলের অমোরি উপকূলে ৫.১ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাময়িক উদ্বেগ তৈরি করেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বুধবার সংঘটিত এই ভূমিকম্পের তথ্য জানিয়েছে ভয়েস অব এমিরেটস। জাপান আবহাওয়া সংস্থা জানায়, ভূমিকম্পটির উপকেন্দ্র সমুদ্রের ভেতরে মাঝারি গভীরতায় থাকায় স্থলভাগে এর প্রভাব তুলনামূলকভাবে কম ছিল। তবে আশপাশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি কম্পন অনুভূত হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগাম সতর্কতা ব্যবস্থা স্বাভাবিকভাবে কাজ করেছে। সম্ভাব্য পরাঘাতের আশঙ্কায় কিছু উপকূলীয় এলাকায় তাৎক্ষণিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরবর্তী কম্পনের সম্ভাবনা বিবেচনায় নজরদারি অব্যাহত রয়েছে।

জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ, কারণ এটি প্রশান্ত মহাসাগরীয় আগুন বলয় অঞ্চলের মধ্যে অবস্থিত। এ কারণে দেশটিতে উন্নত আগাম সতর্কতা ব্যবস্থা এবং দ্রুত দুর্যোগ মোকাবিলা সক্ষমতা গড়ে তোলা হয়েছে।

ভূকম্পবিদরা জানিয়েছেন, ৬ মাত্রার নিচের ভূমিকম্প সাধারণত সমুদ্রের ভেতরে বা মাঝারি গভীরতায় হলে বড় ধরনের ক্ষতি করে না। তবে আগামী কয়েক ঘণ্টায় পরাঘাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই সংশ্লিষ্ট এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এম জি