মার্কিন অবরোধ ব্যর্থ, বন্দরে পৌঁছাল ইরানি জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৩:৪৪ পিএম

ওমান সাগরে মার্কিন নৌবাহিনীর জব্দের চেষ্টা ব্যর্থ করে নিরাপদে গন্তব্য বন্দরে পৌঁছেছে ইরানের একটি পণ্যবাহী চালবাহী জাহাজ। হরমুজ প্রণালি হয়ে জাহাজটি নির্ধারিত বন্দরে পৌঁছানো পর্যন্ত ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ-ইউনিট সরাসরি নিরাপত্তার দায়িত্বে ছিল। বৃহস্পতিবার ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।

আইআরজিসি জানিয়েছে, ওমান সাগরে অবস্থানকালে মার্কিন নৌবাহিনী জাহাজটিকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালায়। তবে ইরানি বাহিনীর সময়োচিত হস্তক্ষেপ ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কারণে সেই প্রচেষ্টা সফল হতে পারেনি। শেষ পর্যন্ত জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করে নিরাপদে নোঙর করে। ঘটনাটি মধ্যপ্রাচ্যে চলমান সামুদ্রিক উত্তেজনার একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানগামী বাণিজ্যিক জাহাজ চলাচলে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছিলেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ভারত মহাসাগর ও মধ্যপ্রাচ্য অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে। বর্তমানে ওই অঞ্চলে দুটি বিমানবাহী রণতরীসহ অন্তত ২৬টি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। এছাড়া আরও একটি রণতরী ‘ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ’ ওই এলাকার দিকে অগ্রসর হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই ঘটনার ফলে হরমুজ প্রণালি ও পার্শ্ববর্তী সমুদ্রপথে ভূ-রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। ইরানের পক্ষ থেকে আইআরজিসি-র এই পদক্ষেপকে নিজেদের সমুদ্রসীমা ও বাণিজ্যিক স্বার্থ রক্ষার একটি কঠোর বার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

জেএইচআর