গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের, মালয়েশিয়ান সেনা কর্মকর্তা রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৯:১৩ পিএম

মালয়েশিয়ায় মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এক বাংলাদেশি যুবককে প্রাণহানির ঘটনায় জড়িত এক সেনা কর্মকর্তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে দেশটির পুলিশ। 

শুক্রবার স্থানীয় আদালতের নির্দেশে ৩১ বছর বয়সী ওই কর্মকর্তাকে রিমান্ডে নেওয়া হয়। তার বিরুদ্ধে দেশটির দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

কুয়ালালামপুর ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর ৫টা ৩৮ মিনিটের দিকে এমইএক্স এক্সপ্রেসওয়ের ১.৯ কিলোমিটার পয়েন্টে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। অভিযুক্ত সেনা কর্মকর্তা তার ব্যক্তিগত গাড়িটি নিয়ে ভুল লেনে ঢুকে পড়েন এবং বিপরীত দিক থেকে আসা একটি অনলাইন ভিত্তিক ট্যাক্সিকে সরাসরি ধাক্কা দেন। ট্যাক্সিটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে ফিরছিল।

ভয়াবহ এই সংঘর্ষে ২২ বছর বয়সী এক বাংলাদেশি যুবক ঘটনাস্থলেই মারা যান। চিকিৎসকদের মতে, মাথায় গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গাড়িতে থাকা ২০ বছর বয়সী আরও এক বাংলাদেশি তরুণী এবং ৪১ বছর বয়সী মালয়েশীয় ট্যাক্সিচালক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা কুয়ালালামপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তদন্তে জানা গেছে, অভিযুক্ত সেনা কর্মকর্তা নির্ধারিত সীমার চেয়ে অতিরিক্ত মদ পান করে গাড়ি চালাচ্ছিলেন। তবে তার শরীরে কোনো মাদকের অস্তিত্ব পাওয়া যায়নি। পুলিশি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ২৮ এপ্রিল পর্যন্ত তার রিমান্ড মঞ্জুর করেছেন।

জেএইচআর