যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে নিজেদের সামরিক সক্ষমতা নিয়ে নতুন বার্তা দিয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সংঘাতে এখন পর্যন্ত তাদের ক্ষেপণাস্ত্র শক্তির খুবই সামান্য অংশ ব্যবহার করা হয়েছে এবং বড় ধরনের পাল্টা হামলার জন্য প্রস্তুতি অব্যাহত রয়েছে।
ইরানি সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’র প্রতিবেদনে বলা হয়, তেহরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের অধিকাংশই এখনো অক্ষত ও অব্যবহৃত রয়েছে। এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক জানান, দেশটি একদিকে প্রতিরক্ষামূলক অবস্থানে থাকলেও প্রয়োজন হলে যেকোনো সময় শক্তিশালী পাল্টা আঘাত হানতে প্রস্তুত।
তিনি আরও বলেন, ইরান বর্তমানে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এক হাজারের বেশি ধরনের আধুনিক সমরাস্ত্র উৎপাদন করছে। দেশজুড়ে বিস্তৃত শিল্পপ্রতিষ্ঠানগুলো এই উৎপাদন ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকায় কোনো একটি স্থাপনায় হামলা হলেও সামগ্রিক সক্ষমতায় বড় ধরনের প্রভাব পড়বে না।
কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তেহরান। ইরানের দাবি, এই প্রণালি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণের হাতিয়ার, যার মাধ্যমে আঞ্চলিক পরিস্থিতিতে প্রভাব বিস্তার করা সম্ভব।
বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান সামরিক সক্ষমতা সংরক্ষণ করে কৌশলগতভাবে পাল্টা পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে, যা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।
এএন