যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের নৈশভোজে গুলির ঘটনায় নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, “গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই।”
স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে নৈশভোজে অংশ নেন ট্রাম্প। এ সময় হঠাৎ করে সিক্রেট সার্ভিস এজেন্টরা চিৎকার করে বলেন, “গুলি চলছে।” এতে অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে নিরাপত্তা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ মন্ত্রিসভার কেউ আহত হননি এবং সবাই নিরাপদে রয়েছেন।
যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, ঘটনাস্থল থেকে হামলাকারীকে আটক করা হয়েছে এবং ওয়াশিংটন ফিল্ড অফিস তদন্ত শুরু করেছে। ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, বন্দুকধারীকে আটক করা হয়েছে।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লেখেন, ওয়াশিংটন ডিসির ওই ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি ও ভাইস প্রেসিডেন্ট নিরাপদে আছেন জেনে স্বস্তি পেয়েছি। তাদের সুস্থতা কামনা করছি।
তিনি আরও বলেন, গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই এবং এ ধরনের ঘটনার অবশ্যই নিন্দা করা উচিত।
এএন