গুলি করা ব্যক্তির অভিযোগে চটে ট্রাম্প বললেন, ‘আমি ধর্ষক নই!’

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০২:০১ পিএম
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস’ অ্যাসোসিয়েশনের ডিনার অনুষ্ঠানে গুলির ঘটনার পর নতুন করে আলোচনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। ঘটনাকে কেন্দ্র করে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেছেন, “আমি ধর্ষক নই, আমি কাউকে ধর্ষণ করিনি।”

রোববার ক্যালিফোর্নিয়ার ৩১ বছর বয়সি কলে থমাস অ্যালেন হোটেলের ভেতরে ঢুকে কয়েক রাউন্ড গুলি চালায়। ঘটনাটি মূল অনুষ্ঠানের বলরুমের কাছাকাছি হওয়ায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে নিরাপত্তা বাহিনী দ্রুত হামলাকারীকে নিয়ন্ত্রণে আনে।

রোববার সিবিএস নিউজে দেওয়া সাক্ষাৎকারে প্রথমে স্বাভাবিকভাবেই কথা বলছিলেন ট্রাম্প। তবে উত্তেজনা তৈরি হয়, যখন এক সাংবাদিক অভিযুক্তের কথিত ‘ম্যানিফেস্টো’ থেকে একটি অংশ পড়ে শোনান। সেখানে বলা হয়, “আমি আর কোনো পেডোফিল, ধর্ষক ও দেশদ্রোহীর অপরাধে নিজেকে জড়াতে দেব না।”

এই অংশ শোনার পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ট্রাম্প। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “তোমরা ভয়ংকর মানুষ।” একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, “আমি ধর্ষক নই, আমি পেডোফিলও নই।”

ট্রাম্প অভিযোগ করেন, তাকে অন্যায়ভাবে জেফরি এপস্টিন সংক্রান্ত বিতর্কের সঙ্গে জড়ানো হচ্ছে, যা তিনি সম্পূর্ণভাবে অস্বীকার করেন। তার দাবি, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

অভিযুক্ত সম্পর্কে ট্রাম্প বলেন, ওই ব্যক্তি চরমপন্থায় প্রভাবিত এবং মানসিকভাবে অসুস্থ। পাশাপাশি তিনি মার্কিন রাজনীতিতে বাড়তে থাকা সহিংসতার জন্য বিরোধী ডেমোক্র্যাটদের উসকানিমূলক বক্তব্যকেও দায়ী করেন।

এএন