মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে মস্কোর কৌশলগত সম্পর্ক শুধু বজায়ই থাকবে না, বরং তা আরও শক্তিশালী করা হবে।
সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি-এর সঙ্গে বৈঠকে পুতিন এই অবস্থান তুলে ধরেন। বৈঠকের সময় তিনি জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-র পাঠানো একটি বার্তা তিনি সম্প্রতি পেয়েছেন এবং এর জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।
রুশ প্রেসিডেন্ট বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরান তাদের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়ভাবে লড়াই করছে এবং এই সংগ্রামে দেশটির জনগণের সাহসিকতা প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন, চলমান সংকট কাটিয়ে ইরানে দ্রুত স্থিতিশীলতা ফিরবে।
একইসঙ্গে পুতিন স্পষ্ট করে দেন, শুধু ইরান নয়— পুরো মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে রাশিয়া প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিতে প্রস্তুত। তার ভাষায়, “আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করব, যাতে অঞ্চলে দ্রুত শান্তি ফিরে আসে।”
উল্লেখ্য, আব্বাস আরাগচি এর আগে পাকিস্তান ও ওমান সফর শেষে সেন্ট পিটার্সবার্গে পৌঁছান। তার এই সফরকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে।
এএন