পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে নতুন পূর্বাভাস দিয়েছে পাকিস্তান। দেশটির জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, আবহাওয়া ও চাঁদ দেখার পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী ২৭ মে (বুধবার) পাকিস্তানে কোরবানির ঈদ উদযাপিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পাকিস্তানের কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি ‘রুয়েত-ই-হিলাল’।
পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদন অনুযায়ী, বিশেষজ্ঞরা জানিয়েছেন যে আগামী ১৬ ও ১৭ মে মধ্যবর্তী রাত ১টা ১৫ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। এর ফলে ১৭ মে সূর্যাস্তের সময় চাঁদের বয়স ১৮ ঘণ্টার বেশি হবে, যা খালি চোখে চাঁদ দেখার জন্য যথেষ্ট। যদি ওইদিন চাঁদ দেখা যায়, তবে ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে এবং ২৭ মে ঈদ উদযাপিত হবে।
রুয়েত-ই-হিলাল রিসার্চ কাউন্সিলের মহাসচিব খালিদ আইজাজ মুফতি জানিয়েছেন, বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে ২৭ মে ঈদ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৭ মে করাচিতে সূর্যাস্ত ও চন্দ্রাস্তের সময়ের ব্যবধান হবে প্রায় ৫৫ মিনিট এবং পেশাওয়ারে তা হবে ৬৩ মিনিট। আকাশ পরিষ্কার থাকলে ওইদিন সন্ধ্যায় চাঁদ স্পষ্ট দেখা যেতে পারে।
জ্যোতির্বিজ্ঞানীদের এই পূর্বাভাস সত্যি হলে এ বছর পাকিস্তান ও সৌদি আরবে একই দিনে ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ১৭ মে আকাশ মেঘলা থাকার কারণে যদি চাঁদ দেখা না যায়, তবে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ একদিন পিছিয়ে ২৮ মে (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে পারে।
জেএইচআর