যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে উনো কার্ড নিয়ে হাস্যোজ্জ্বল একটি ছবি রোববার হোয়াইট হাউসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে। ছবিতে ট্রাম্পকে আত্মবিশ্বাসী ভঙ্গিতে কয়েকটি উনো কার্ড হাতে ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কোনো লেখা বা ক্যাপশন যুক্ত করা হয়নি, তবে ছবির মধ্যেই স্পষ্টভাবে ইংরেজিতে লেখা রয়েছে—‘I have all the cards’ অর্থাৎ ‘সবগুলো কার্ড আমার কাছে’।
এই প্রতীকী ছবিটি আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে এটিকে ইরানের প্রতি একটি শক্তিশালী বার্তা হিসেবে দেখা হচ্ছে। আল-জাজিরাসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বিরোধের মধ্যে ট্রাম্প এই ছবির মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে, পরিস্থিতির সব নিয়ন্ত্রণ তাঁর হাতেই রয়েছে।
উনো খেলায় ‘সব কার্ড’ থাকার অর্থ প্রতিপক্ষের ওপর পূর্ণ আধিপত্য ও শেষ কথা বলার ক্ষমতা। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসন এ ধরনের প্রতীকী যোগাযোগের মাধ্যমে শত্রুপক্ষকে মানসিক চাপে রাখতে চাইছে। ছবিটি পোস্ট হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকে এটিকে ট্রাম্পের বৈশিষ্ট্যসূচক ‘শক্তিশালী নেতৃত্বের’ প্রতীক হিসেবে দেখছেন, আবার কেউ কেউ একে অপ্রয়োজনীয় উস্কানি বলেও মন্তব্য করেছেন।
বর্তমানে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যে এই ছবি আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ট্রাম্পের এমন পোস্ট যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানকেই প্রতিফলিত করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
এএন