আরব আমিরাতে ইরানের হামলা, নিন্দা জানালেন সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৯:৫৩ এএম

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলার ঘটনাকে ঘিরে। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে আমিরাতের প্রতি পূর্ণ সমর্থনের কথা ঘোষণা করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সোমবার সৌদি প্রেস এজেন্সির বরাতে জানা যায়, যুবরাজ ফোনে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি হামলাটিকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে এর নিন্দা জানান এবং আমিরাতের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সৌদি আরব সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা ১৫টি ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে। দেশটির পক্ষ থেকে এ হামলাকে ‘বিশ্বাসঘাতকতামূলক’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং প্রয়োজন হলে পাল্টা জবাব দেওয়ার অধিকার সংরক্ষণের কথাও জানানো হয়েছে।

তবে এ ঘটনায় এখনো পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তথ্যসূত্র: আল-জাজিরা

এএন