পাকিস্তানের বন্দর ব্যবহার বাড়াচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ৫, ২০২৬, ০২:২৮ পিএম
ছবি: সংগৃহীত

বহু বছরের কূটনৈতিক তৎপরতার পর ইরানের সঙ্গে একটি ট্রানজিট করিডোর সক্রিয় করতে আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছে পাকিস্তান।  এর ফলে ইরান ধীরে ধীরে সংযুক্ত আরব আমিরাতের বন্দরগুলোর ওপর নির্ভরতা কমিয়ে পাকিস্তানের বন্দর ব্যবহার বাড়াচ্ছে।

সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানায় পার্সটুডে। 

পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনা অনুযায়ী, তৃতীয় দেশ থেকে আগত বিভিন্ন পণ্য এখন পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে ইরানে প্রবেশ করতে পারবে কোনো বাধা ছাড়াই। এ ব্যবস্থার আওতায় গোয়াদার, করাচি এবং বন্দর কাসিম থেকে গাব্দ ও তাফতান সীমান্ত পর্যন্ত সড়কপথে পণ্য পরিবহন নিশ্চিত করা হয়েছে।

এতদিন ধরে ইরানের আমদানি ও ট্রানজিটের একটি বড় অংশ সংযুক্ত আরব আমিরাতের বন্দর, বিশেষ করে জেবেল আলি বন্দর দিয়ে সম্পন্ন হতো। তবে সাম্প্রতিক সময়ে নৌ অবরোধের তীব্রতা বৃদ্ধি এবং আঞ্চলিক রাজনৈতিক অস্থিরতার কারণে এই পথটি ক্রমেই অনিশ্চিত হয়ে উঠেছে।

এ পরিস্থিতিতে পাকিস্তানের নতুন করিডোর চালু হওয়ায় ইরানের জন্য বিকল্প পথ তৈরি হলো। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ শুধু পরিবহন রুটের বৈচিত্র্যই বাড়াবে না, বরং ইরানের সামগ্রিক সরবরাহ ব্যবস্থাকে আরও নিরাপদ ও স্থিতিশীল করতে সহায়তা করবে।

এম জি