শুভেন্দু 

বিজেপি আরও ১০০ বছর ক্ষমতায় থাকবে

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ৬, ২০২৬, ০২:১২ পিএম
শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম আসনে টানা তৃতীয়বারের মতো জয় পেয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সর্বশেষ নির্বাচনে তিনি উল্লেখযোগ্য ব্যবধানে জয়লাভ করেন। নন্দিগ্রামের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, ‘নন্দীগ্রামের ঋণ আমি শোধ করব। বিজেপি আরও ১০০ বছর ক্ষমতায় থাকবে।’

বুধবার সকালে নন্দীগ্রামে পৌঁছে স্থানীয়দের শুভেচ্ছা গ্রহণ করেন শুভেন্দু। এ সময় দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এবং একাধিক ধর্মীয় স্থানে প্রার্থনাও করেন।

সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান এবং কোনো ধরনের বিশৃঙ্খলায় না জড়াতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন। তিনি বলেন, প্রতিটি বিষয়ই আইন অনুযায়ী পরিচালিত হবে।

নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি জানান, জনগণের আস্থা ও সমর্থনই তার শক্তি। ভবিষ্যতে এলাকার উন্নয়ন ও মানুষের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।

এছাড়া তিনি রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে দলের প্রতি আস্থার কথা উল্লেখ করে বলেন, দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য নিয়েই তারা কাজ করছেন।

এদিকে নির্বাচন শেষে তিনি দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করায় নিয়ম অনুযায়ী একটি আসন ছেড়ে দেওয়ার বিষয়েও মন্তব্য করেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যেকোনো দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।

এএন