উপসাগরে ১৫০০ জাহাজসহ ২০ হাজার নাবিক আটকা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ৮, ২০২৬, ১২:১১ এএম

হরমুজ প্রণালিতে চলমান অস্থিরতার কারণে উপসাগরীয় অঞ্চলে প্রায় দেড় হাজার জাহাজ আটকে পড়েছে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহব্যবস্থায় উদ্বেগ বাড়ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার বরাতে জানায়, বর্তমানে প্রায় ২০ হাজার নাবিক ও জাহাজকর্মী উপসাগরীয় এলাকায় আটকা অবস্থায় রয়েছেন।

পানামায় অনুষ্ঠিত ‘মেরিটাইম কনভেনশন অব দ্য আমেরিকাস’ এ বক্তব্য দিতে গিয়ে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ বলেন, হরমুজ প্রণালির চলমান পরিস্থিতির কারণে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং বহু জাহাজ নিরাপত্তাজনিত কারণে নির্ধারিত গন্তব্যে যেতে পারছে না।

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপজুড়ে নতুন করে জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা সতর্ক করে জানিয়েছে-বিকল্প উৎস থেকে দ্রুত জ্বালানি আমদানি বাড়ানো না গেলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইউরোপে জ্বালানি সংকট আরও তীব্র হতে পারে।

সংস্থাটির মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না গেলে শিল্প উৎপাদন, বিদ্যুৎ সরবরাহ এবং দৈনন্দিন জ্বালানি ব্যবস্থাপনায় বড় ধরনের চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এম জি