ইসরায়েলকে হুমকি দিলে তার পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, যারা ইসরায়েলকে হুমকি দেবে, তারা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলবে। খবর জানিয়েছে আল জাজিরা।
নেতানিয়াহু বলেন, আমি আমাদের শত্রুদের স্পষ্ট করে বলতে চাই, কোনো সন্ত্রাসীর দায়মুক্তি নেই। যারা ইসরায়েলকে হুমকি দেবে, তারা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলবে।
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলায় হিজবুল্লাহর এলিট রাদওয়ান ইউনিটের কমান্ডার আহমদ বালুত নিহত হওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন।
এ বিষয়ে নেতানিয়াহু বলেন, সে হয়তো সংবাদমাধ্যমে পড়েছিল যে বৈরুতে তার দায়মুক্তি আছে। কিন্তু এখন আর তা হবে না।
তিনি অভিযোগ করেন, আহমদ বালুত বৈরুতে গোপন ঘাঁটি থেকে ইসরায়েলি বাহিনী ও বসতিগুলোর বিরুদ্ধে হামলা পরিচালনা করছিলেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজা উপত্যকাতে হামাস সদস্যদের লক্ষ্য করে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী বলেও জানান নেতানিয়াহু। তবে এসব অভিযানে কোনো বেসামরিক মানুষ হতাহত হচ্ছে না বলে দাবি করেন তিনি।
এম জি