ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যুতে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে না পারলেও, ভেনেজুয়েলার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অপসারণে সফল হয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
মার্কিন জ্বালানি বিভাগ শুক্রবার ৮ মে জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ভেনেজুয়েলার একটি পুরোনো গবেষণা চুল্লি থেকে ১৩ দশমিক ৫ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভেনেজুয়েলার যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
প্রতিবেদন অনুযায়ী, রাজধানী কারাকাস থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের একটি স্থাপনা থেকে ইউরেনিয়াম অপসারণ করা হয়। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, চলতি বছরের জানুয়ারিতে মার্কিন সামরিক অভিযানের পর ওই এলাকায় নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় দ্রুত এই পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়ে।
মার্কিন জাতীয় পারমাণবিক নিরাপত্তা প্রশাসনের প্রধান ব্রান্ডন উইলিয়ামস বলেন, ভেনেজুয়েলা থেকে নিরাপদে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার মাধ্যমে দেশটির পুনর্গঠন ও পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতার বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানায়, অত্যন্ত জটিল ও সংবেদনশীল এই অভিযানে ইউরেনিয়াম স্থল ও সমুদ্রপথে দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকায় স্থানান্তর করা হয়। পরে তা যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যে জ্বালানি বিভাগের একটি স্থাপনায় নেওয়া হয়।
এদিকে ট্রাম্প প্রশাসন সম্প্রতি ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে মার্কিন কর্মকর্তারা কারাকাস সফর করেছেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু হয়েছে এবং মার্কিন দূতাবাসও আবার খুলে দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য এখনো ইরানের প্রায় ৪০৮ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ত্যাগে তেহরানকে বাধ্য করা। তবে এখন পর্যন্ত সে প্রচেষ্টা সফল হয়নি।
সূত্র: দ্য গার্ডিয়ান
এম জি