হজ মৌসুমকে সামনে রেখে পবিত্র নগরী মক্কার কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিকভাবে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। আগামী সপ্তাহ থেকে নির্দিষ্ট কয়েকটি স্কুলে সরাসরি শ্রেণিকক্ষের পরিবর্তে অনলাইন কার্যক্রম পরিচালিত হবে।
শুক্রবার ৮ মে গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মক্কা অঞ্চলের শিক্ষা দপ্তর জানিয়েছে, নির্বাচিত স্কুলগুলোতে সাময়িকভাবে সশরীরে ক্লাস বন্ধ রেখে অনলাইন পদ্ধতিতে পাঠদান চালানো হবে। এর মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা এবং হজ মৌসুমে শহরের যানবাহন ও জনসমাগমের চাপ কমানো।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এটি হজের সময় বিশ্বের সবচেয়ে ব্যস্ত এই শহরে জনপরিচালনা ও যান চলাচল নিয়ন্ত্রণে সরকারের বৃহত্তর পরিকল্পনার অংশ। কারণ এই সময়ে লাখো হাজি মক্কায় সমবেত হন।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ সিদ্ধান্তের মাধ্যমে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট ও পরিবহন চাপ কমবে, পাশাপাশি হাজি ও সংশ্লিষ্ট সেবাকর্মীদের চলাচল সহজ হবে। এতে মসজিদুল হারাম কেন্দ্রিক এলাকা এবং প্রধান সড়কগুলোতে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
আগামী সপ্তাহ থেকে প্রতি মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার এসব স্কুলে অনলাইন ক্লাস চালু থাকবে। স্কুলগুলো তাদের অবস্থান ও প্রয়োজন অনুযায়ী নির্বাচন করা হয়েছে। এর মধ্যে রয়েছে মসজিদুল হারামের আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান, দ্বিতীয় ও তৃতীয় রিং রোডসংলগ্ন স্কুল এবং হজ কার্যক্রমে যুক্ত সরকারি সংস্থাগুলোর অধীনস্থ কিছু স্কুল ভবন।
এম জি