বিশ্বকাপ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভিন্ন সিদ্ধান্ত মেক্সিকোর

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৩:২০ পিএম

ফুটবল বিশ্বকাপ এবং ভয়াবহ তাপপ্রবাহের প্রভাব মোকাবিলায় মেক্সিকোতে চলতি বছরের স্কুল বছর প্রায় দেড় মাস আগেই শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির শিক্ষামন্ত্রী মারিও দেলগাদো বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এবার স্কুল শেষ হবে ১৫ জুলাইয়ের পরিবর্তে ৫ জুনেই।

তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। পাশাপাশি আসন্ন বিশ্বকাপের বিষয়টিও পরিকল্পনায় বিবেচনা করা হয়েছে।

তবে এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। মেক্সিকোর ন্যাশনাল ইউনিয়ন অব প্যারেন্ট অ্যাসোসিয়েশন বলছে, বিশ্বকাপের কারণে শিক্ষার্থীদের শিক্ষা ক্ষতিগ্রস্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

দেশটির ২ হাজার ৫০০টি পৌরসভার মধ্যে মাত্র তিনটিতে বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। মেক্সিকো সিটি, মন্টেরে এবং গুয়াদালাহারায় মোট ১৩টি ম্যাচ আয়োজন করা হবে, যার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ জুন মেক্সিকো সিটিতে।

বর্তমানে মেক্সিকোর কিছু এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠছে। তবে অভিভাবকদের মতে, এ ধরনের গরম দেশটিতে নতুন নয় এবং সাধারণত জুলাই মাসের পর থেকে তাপমাত্রা কমতে শুরু করে। তাদের দাবি, এই সিদ্ধান্ত দেশের প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থীকে প্রভাবিত করবে, যারা সরকারি স্কুলে পড়ে।

শুক্রবার দেশটির রাষ্ট্রপতি ক্লডিয়া শেইনবাউম বলেন, এটি এখনো একটি প্রস্তাব এবং বিষয়টি তিনি মূল্যায়ন করছেন। একই দিনে মন্ত্রী দেলগাদো সোনোরা রাজ্যে এক অনুষ্ঠানে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি শেইনবাউম জোর দিয়ে বলেন, শিক্ষার্থীরা যেন ক্লাস হারায় না, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার বর্তমানে ক্ষতি পুষিয়ে নিতে আগামী শিক্ষাবর্ষ আগেভাগে শুরু করার বিষয়টিও বিবেচনা করছে।

সূত্র: ডয়চে ভেলে

এম জি