ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শনিবার ৯ মে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। একইসঙ্গে তার মন্ত্রিসভার প্রথম পাঁচ সদস্যের নামও ঘোষণা করা হয়েছে।
এ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা কে হবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছিল। কাকে এ দায়িত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে ছিল নানা জল্পনা।
শনিবার সন্ধ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিধানসভার বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। একইসঙ্গে উপবিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়।
এ ছাড়া বিধানসভায় তৃণমূল পরিষদীয় দলের মুখ্য সচেতক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমকে। কলকাতা বন্দর আসন থেকে জয়ী হয়েছেন ফিরহাদ হাকিম এবং কলকাতার বালিগঞ্জ আসন থেকে জয়ী হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়।
এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন। অন্যদিকে ২০৭টি আসন জিতে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করেছে ভারতীয় জনতা পার্টি।
বিজেপি ও তৃণমূল ছাড়াও ২৯৩টি আসনের মধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দুটি, কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী) একটি, ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট একটি এবং আমজনতা উন্নয়ন পার্টি দুটি আসনে জয়ী হয়েছে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন ২৯৪টি। তবে একটি আসনের ভোট বাতিল করেছিল নির্বাচন কমিশন। ফলে ফলতা আসনে আগামী ২১ মে ভোট অনুষ্ঠিত হবে এবং ফল ঘোষণা করা হবে ২৪ মে। এখন দেখার বিষয়, তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ফলতা আসন শেষ পর্যন্ত কার দখলে যায়।
এম জি