৯০ লাখ ভোটারের নাম বাদের অভিযোগ নিয়ে সর্বোচ্চ আদালতে মমতা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১১, ২০২৬, ১১:৪৮ পিএম

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর এবার ভোটার তালিকা সংশোধন বা বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যু পৌঁছেছে ভারতের সর্বোচ্চ আদালতে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই প্রক্রিয়ায় রাজ্যজুড়ে প্রায় ৯০ লাখ ৮০ হাজার ভোটারের নাম বাদ যাওয়ায় নির্বাচনের ফলাফল প্রভাবিত হয়েছে।

সোমবার সুপ্রিম কোর্টে তৃণমূলের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, অন্তত ৩১টি আসনে নাম বাদ পড়া ভোটারের সংখ্যা জয়ের ব্যবধানের চেয়ে বেশি ছিল। একটি কেন্দ্রে তৃণমূল মাত্র ৮৬২ ভোটে হারলেও সেখানে ৫ হাজারের বেশি নাম কাটা হয়েছে বলেও তিনি জানান।

আবেদনকারীদের আইনজীবী মেনকা গুরুস্বামী বলেন, বর্তমানে যেভাবে আবেদন নিষ্পত্তি চলছে, তাতে প্রায় ৩৫ লাখ আপত্তির নিষ্পত্তি হতে চার বছর পর্যন্ত সময় লাগতে পারে।

এদিকে সুপ্রিম কোর্টের বেঞ্চ পর্যবেক্ষণ দেয়, কোনো আসনে জয়ের ব্যবধান খুব কম হলে ক্ষতিগ্রস্ত পক্ষ নির্বাচনী মামলা করতে পারে।

অন্যদিকে নির্বাচন কমিশন তৃণমূলের অভিযোগ খারিজ করে জানায়, মালদহ ও মুর্শিদাবাদের যেসব আসনে সবচেয়ে বেশি নাম বাদ গেছে, সেখানেও তৃণমূল প্রার্থীরাই জয়ী হয়েছেন। কমিশনের দাবি, শুধু নাম বাদ যাওয়াকেই পরাজয়ের কারণ বলা যায় না।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ২৯৪টির মধ্যে ২০৭টি আসনে জয় পেয়ে প্রথমবার পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে বিজেপি। ভোটার তালিকা সংশোধন এবং অনুপ্রবেশ ইস্যু ঘিরে নির্বাচনজুড়ে তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র রাজনৈতিক সংঘাত দেখা যায়।

এম জি