তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় দায়িত্ব গ্রহণের পর থেকেই আইন-শৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতা ইস্যুতে কঠোর বার্তা দিচ্ছেন। তিনি বলেছেন, যদি হিন্দু ধর্মের কেউ মুসলিম ধর্মের মানুষের ওপর অত্যাচার করে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীর ধর্ম বা পরিচয় এখানে বিবেচ্য নয়, সবার জন্য আইন সমানভাবে প্রয়োগ করা হবে বলেও তিনি জানান।
মঙ্গলবার সকালে দেওয়া এক বক্তব্যে তিনি স্পষ্টভাবে জানান, রাজ্যে কোনো ধরনের সাম্প্রদায়িক সহিংসতা বরদাস্ত করা হবে না।
তিনি বলেন, নাগরিক অধিকার রক্ষা সরকারের প্রধান দায়িত্ব এবং তামিলনাড়ুতে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই তিনি রাজ্যে বড় ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছেন। তার নির্দেশে তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (টাসম্যাক)-এর অধীনে পরিচালিত ৭১৭টি মদের দোকান বন্ধের সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। এসব দোকান ধর্মীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় অবস্থিত ছিল বলে জানানো হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, রাজ্যে বর্তমানে টাসম্যাকের অধীনে মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকান চালু রয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, ধর্মীয় স্থান, স্কুল-কলেজ ও বাসস্ট্যান্ডের ৫০ মিটারের মধ্যে কোনো মদের দোকান রাখা যাবে না। এর মধ্যে ২৭৬টি ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত দোকান বন্ধ হচ্ছে।
গত রোববার ৫১ বছর বয়সী এই অভিনেতা-রাজনীতিক তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তার দল টিভিকে (তামিলনাড়ু ভেট্টি কাজাগাম) সাম্প্রতিক নির্বাচনে রাজ্যের দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ বদলে দিয়ে বড় সাফল্য অর্জন করে।
নির্বাচনে কংগ্রেস, বাম দল এবং মুসলিম লিগসহ বিভিন্ন রাজনৈতিক শক্তির সমর্থন নিয়ে গঠিত জোট সরকার এখন রাজ্যে ক্ষমতায় রয়েছে। ক্ষমতা গ্রহণের পর থেকেই বিজয় শিক্ষা, নিরাপত্তা ও সামাজিক সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছেন।
তার ঘোষিত কিছু পদক্ষেপের মধ্যে রয়েছে- প্রতি পরিবারে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন এবং মাদকবিরোধী বিশেষ ইউনিট চালু করা।
তবে মদের দোকান বন্ধের সিদ্ধান্তে রাজ্যের রাজস্ব আয় কমে যাওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। এতে জনকল্যাণমূলক প্রকল্পগুলোর অর্থায়নে চাপ তৈরি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। অন্যদিকে, সাবেক প্রশাসনের অর্থনৈতিক নীতিমালা নিয়ে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।
এএন