ফিলিপাইনের পার্লামেন্ট ভবনে দেশটির একজন প্রভাবশালী সিনেটর আশ্রয় নেওয়ার পর নাটকীয়ভাবে গোলাগুলির ঘটনা ঘটেছে।
বুধবার রাতে রাজধানী ম্যানিলায় এই ঘটনাকে কেন্দ্র করে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ভবনে অবস্থানরত অন্যান্য সিনেটররা আত্মরক্ষার জন্য দ্রুত নিজ নিজ কার্যালয়ে অবস্থান নেন।
পার্লামেন্টে আশ্রয় নেওয়া ওই সিনেটরের নাম রোনাল্ড দেলা রোসা। তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের আলোচিত ও বিতর্কিত মাদকবিরোধী অভিযানের প্রধান বাস্তবায়নকারী কর্মকর্তা ছিলেন।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় তিনি গ্রেপ্তার এড়াতে পার্লামেন্ট ভবনে আশ্রয় নেন। রোসা ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত জাতীয় পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, যখন মাদকবিরোধী অভিযানের প্রাথমিক পর্যায় চলছিল।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের দেওয়া তথ্য অনুযায়ী, আধুনিক অস্ত্র ও সুরক্ষা সরঞ্জামে সজ্জিত একদল বন্দুকধারী পার্লামেন্ট ভবনের সিঁড়ি বেয়ে ওপরে উঠে পড়েন। এর কিছুক্ষণ পরই অন্তত পাঁচটি গুলির শব্দ শোনা যায়। গুলির ঘটনার পর সিনেটর রোনাল্ড দেলা রোসা ঠিক কোথায় অবস্থান করছেন, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
গোলাগুলির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জুয়ানিতো ভিক্তর রেমুলা। তিনি জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী এখন পর্যন্ত কেউ হতাহত হননি। তবে কারা এই গুলি চালিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। সমুদ্রতীরবর্তী ওই পার্লামেন্ট ভবনে বর্তমানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য তল্লাশি অভিযান চালাচ্ছেন।
এর আগে এদিন সকালে সিনেটর রোসা সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছিলেন তারা যেন তার গ্রেপ্তারের বিরোধিতা করে। ফিলিপাইনের সিনেট ভবনে ছদ্মবেশী সামরিক পোশাকে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রবেশের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মানবাধিকার পর্যবেক্ষকদের তথ্যমতে, সাবেক প্রেসিডেন্ট দুতার্তের শাসনামলে চালানো ওই মাদকবিরোধী অভিযানে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। গত বছরের মার্চ মাসে রদ্রিগো দুতার্তেকে গ্রেপ্তার করে দ্য হেগে পাঠানো হয়, যেখানে তিনি বর্তমানে বিচারের অপেক্ষায় আটক রয়েছেন। বর্তমানে সেই অভিযানের অন্যতম সহযোগী রোনাল্ড দেলা রোসাকে কেন্দ্র করে ফিলিপাইনের রাজনীতিতে নতুন উত্তাপ তৈরি হয়েছে।
জেএইচআর