সেনাবাহিনীর মুখপাত্র

যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি আছে ইরানের 

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১৪, ২০২৬, ১২:২০ এএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর ইরান কোনো ধরনের পিছু হটার সুযোগ দেখছে না বলে মন্তব্য করেছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি নিয়্যা।

তিনি বলেন, যুদ্ধবিরতি অনিশ্চিত অবস্থায় থাকলেও ইরানের সশস্ত্র বাহিনী ‘সর্বোচ্চ মাত্রার প্রস্তুতি’ বজায় রেখেছে।

বার্তা সংস্থা আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, মাশহাদ শহর থেকে দেওয়া এক বক্তব্যে আকরামি নিয়্যা জানান, হরমুজ প্রণালির পশ্চিম অংশ নিয়ন্ত্রণ করছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী এবং পূর্ব অংশে দায়িত্ব পালন করছে নিয়মিত নৌবাহিনী।

তিনি দাবি করেন, ইরানের সামরিক বাহিনী শত্রুপক্ষকে তাদের কোনো লক্ষ্য অর্জন করতে দেয়নি এবং এই যুদ্ধের পর আর পিছু হটার কোনো সুযোগ নেই।

যুদ্ধ চলাকালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে থাকা মার্কিন সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তিনি। যদিও এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেননি আকরামি নিয়্যা।

এছাড়া তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নতুন কোনো অস্ত্র বা সামরিক সরঞ্জাম হরমুজ প্রণালি দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না।

ইরানের সামরিক সক্ষমতার প্রশংসা করে তিনি বলেন, শত্রুপক্ষ ইরানের সক্ষমতা সম্পর্কে যা কল্পনাও করেনি, আমরা তা দেখিয়েছি।

এম জি